এই ফিচার থেকে জেনে নিন —
· পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে কতগুলি গ্যালাক্সি রয়েছে?
· আমাদের আকাশগঙ্গা ছায়াপথে তারার সংখ্যা কত?
· সেক্সটিলিয়ন, সেপ্টিলিয়ন ও কুইন্টিলিয়ন বলতে কী বোঝায়?
· পৃথিবীতে মোট বালুকণার সংখ্যা কত?
· শেষ পর্যন্ত তারার সংখ্যা বেশি, নাকি বালুকণার?
........................
প্রশ্নটা আজকের নয়। দীর্ঘ বছর ধরে তা ভাবিয়েছে বিজ্ঞানীদের। ক্ষুদ্র বালুকণা এবং সুবিশাল মহাজাগতিক বস্তুর এই তুলনা কেবল এক চোখ ধাঁধানো কল্পনাই নয়, এ আমাদের নিয়ে যায় এক আশ্চর্য বাস্তবতায়। সামনে নিয়ে আসে বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃত আকার যে কী সুবিশাল হতে পারে তার এক হিসেব।চলুন তাহলে জেনে নিই এই মহাবিশ্বে তারার সংখ্যা ঠিক কত? তারার সংখ্যা গুনতে গেলে আগে বুঝতে হবে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের হিসেবটা। আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের সবটা আমরা দেখতে পাই না। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, পর্যবেক্ষণযোগ্য বা যতটা আমরা দেখতে পাই এমন মহাবিশ্বে আনুমানিক ১০০ বিলিয়ন থেকে ২ ট্রিলিয়ন (২ লক্ষ কোটি) গ্যালাক্সি রয়েছে। যেমন আমরা যে গ্যালাক্সিতে বাস করি সেই মিল্কিওয়ে বা আকাশগঙ্গা গ্যালাক্সিতেই রয়েছে প্রায় ১০০ বিলিয়ন থেকে ৪০০ বিলিয়ন (১০ হাজার কোটি থেকে ৪০ হাজার কোটি) তারা।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে মোট তারার সংখ্যা প্রায় ১০০ সেক্সটিলিয়ন থেকে ১ সেপ্টিলিয়ন পর্যন্ত হতে পারে। কিন্তু এই সেক্সটিলিয়ন ও সেপ্টিলিয়ন আসলে কী? মনে রাখতে হবে মহাবিশ্বে লক্ষ, কোটি অজুতের হিসেব নেহাতই ছোট। তাই চাই মাপার বড় একক। কোটির পিছনে বসে মাত্র ৮টি শূন্য। আর সেক্সটিলিয়ন হল ১ এর পরে ২১টি শূন্য – যা এক বিলিয়ন ট্রিলিয়নের সমান। পাশাপাশি ১ সেপ্টিলিয়ন হল ১ এর পরে ২৪টি শূন্য যা ১ ট্রিলিয়ন ট্রিলিয়নের সমান।
এ তো গেল পর্যবেক্ষণযোগ্য ব্রহ্মাণ্ডের তারাদের হিসেব। এর বাইরেও আছে যা জ্যোতির্বিজ্ঞানীরা দেখতে পাচ্ছেন না তার হিসেব। সংখ্যাটা যে কল্পনা করাও কঠিন তাতে সন্দেহ নেই।
এবার চলুন যাওয়া যাক পৃথিবীতে বালিকণা বা বালুকণার হিসেবে। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি বহুল চর্চিত গবেষণা এবং বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যায়, পৃথিবীর সমস্ত সমুদ্রসৈকত ও মরুভূমির বালুকণার মোট সংখ্যা আনুমানিক ৭.৫ কুইন্টিলিয়ন বা ৭৫০ কোটি কোটি। প্রশ্ন উঠতেই পারে এই কুইন্টিলিয়ন সংখ্যাটা কত? কুইন্টিলিয়ন হল ১ এর পরে ১৮টি শূন্য।এটি এক বিলিয়ন বিলিয়নের সমান।
কাজেই পরিমাপের তুলনা করলে ১টি বালুকণার বিপরীতে ১ লক্ষ তারা! অর্থাৎ তারার সংখ্যা বালুকণাকে বহুদূরে ফেলে দেয়। তবে এখানে একটা টুইস্ট আছে। বিখ্যাত বিজ্ঞান পত্রিকা সায়েন্টিফিক আমেরিকান-এর একটি আলোচনায় বলা হয়েছে আমরা যদি পৃথিবীর সমুদ্রের নীচে থাকা পলি ও গভীরে থাকা বালুর মোট হিসাবকে যুক্ত করি তবে পৃথিবীর বালুকণার সংখ্যা মহাবিশ্বের তারার সংখ্যাকে অনায়াসেই ছাপিয়ে যেতে পারে!
তবে আপাতত অঙ্কের হিসেব এটাই যে পর্যবেক্ষণযোগ্য মহাজগতের তারার সংখ্যার চেয়ে অনেক কম পৃথিবীর বুকে থাকা স্পর্শযোগ্য বালুকণার সংখ্যা।
মহাবিশ্বের তারা বনাম পৃথিবীর বালুকণা – আপনার জন্য কুইজ
১. প্রশ্ন: জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী, পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে আনুমানিক কতগুলি গ্যালাক্সি রয়েছে?
উত্তর: আনুমানিক ১০০ বিলিয়ন থেকে ২ ট্রিলিয়ন (২ লক্ষ কোটি) গ্যালাক্সি রয়েছে।
২. প্রশ্ন: আমাদের আকাশগঙ্গা বা মিল্কিওয়ে গ্যালাক্সিতে আনুমানিক কতগুলি তারা রয়েছে?
উত্তর: প্রায় ১০০ বিলিয়ন থেকে ৪০০ বিলিয়ন (১০ হাজার কোটি থেকে ৪০ হাজার কোটি) তারা রয়েছে।
৩. প্রশ্ন: পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে মোট তারার সংখ্যা আনুমানিক কত হতে পারে?
উত্তর: প্রায় ১০০ সেক্সটিলিয়ন থেকে ১ সেপ্টিলিয়ন পর্যন্ত হতে পারে।
৪. প্রশ্ন: পৃথিবীর সমস্ত সমুদ্রসৈকত ও মরুভূমির বালুকণার সংখ্যা আনুমানিক কত?
উত্তর: আনুমানিক ৭.৫ কুইন্টিলিয়ন বা ৭৫০ কোটি কোটি বালুকণা।
৫. প্রশ্ন: পৃথিবীর বালুকণা ও পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের তারার সংখ্যা তুলনা করলে কোনটি বেশি?
উত্তর: তারার সংখ্যা অনেক বেশি। আনুমানিক হিসাবে পৃথিবীর প্রতিটি বালুকণার বিপরীতে মহাবিশ্বে প্রায় ১ লক্ষ তারা থাকতে পারে।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]



0 মন্তব্যসমূহ