একনজরে

10/recent/ticker-posts

YouTube vs Bilibili ইউটিউব-এর বিকল্প? Bilibili নিয়ে হঠাৎ উন্মাদনা কেন? আসল তথ্য জানুন

 


খোশখবর ডেস্কঃ কিছুটা হঠাৎ করেই চিনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ‘বিলিবিলি’ ( Bilibili) নিয়ে চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। ছড়িয়ে পড়েছে হাজার হাজার ভিডিও। বলা হচ্ছে চিনের এই প্ল্যাটফর্ম এবার নিজের দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে আরও জোরালোভাবে পা রাখার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু চিনের বিলিবিলি নিয়ে হঠাৎ ভারতীয়দের মধ্যে এই উন্মাদনা কেন?


এমনিতেই বাজারে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম সেভাবে খুব একটা নেই। সেখানে নতুন প্ল্যাটফর্ম ‘বিলিবিলি’-তে মিলছে প্রায় প্রথম থেকেই ভাল আয়ের খবর। যেমন মানিকন্ট্রোল ওয়েবসাইট RT-র X-এ প্রকাশিত একটি পোস্টের উদ্ধৃতি দিয়ে তাদের রিপোর্টে জানিয়েছে, বিলিবিলি ক্রিয়েটরদের প্রতি ১,০০০ ভিউয়ে প্রায় ৬০ টাকা দিতে পারে। এই হিসেব সত্যি হলে ১০ লক্ষ ভিউ থেকে একজন ক্রিয়েটর প্রায় ৭০০ ডলার আয় করতে পারেন।

গুগলে আরও খোশখবর 
 

যদিও গুরুত্বপূর্ণ বিষয় হল, বিলিবিলি নিজে কোনও নির্দিষ্ট পেমেন্ট রেট আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। অন্যদিকে এনডিটিভি ইন্ডিয়া তাদের সাইটে জানিয়েছে যে বিলিবিলি-র ক্রিয়েটর পোগ্রামে মনাটাইজেশনের জন্য আবেদন করার আগে ক্রিয়েটরের অন্তত ১০০ সাবস্ক্রাইবার এবং ২,০০০ বৈধ পাবলিক ভিউ থাকা প্রয়োজন বলে সংস্থার নীতিতে উল্লেখ রয়েছে।


এখন ভারতে বিলিবিলি নিয়ে এমন উন্মাদনার কারণ খুঁজে দেখা যাক। আসলে গোটা বিশ্বে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের বাজারে দানবীয় চেহারা নিয়ে দাড়িয়ে আছে গুগলের ইউটিউব। স্ট্যাটিস্টা ডট কম সদ্য তাদের এক রিপোর্টে জানিয়েছে ২০২৫ -এর অক্টোবর পর্যন্ত ইউটিউবের বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৫০ কোটিরও বেশি। ২০২৬ সালের এপ্রিলের হিসাব অনুযায়ী, ইউটিউবের সবচেয়ে বড় দর্শক বা ভিউয়ার রয়েছে ভারতেই। এদেশে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫১ কোটি ৮০ লক্ষ।

ভারত ইউটিউবের কাছে ক্রিয়েটরস নেশন। কারণ শুধুমাত্র ভারতেই সক্রিয় রয়েছে ১০ কোটিরও বেশি চ্যানেল। ইউটিউব থেকেই নিয়মিত রোজগার করছে ভারতের বিশাল অংশের কনটেন্ট নির্মাতারা। বিপুল মুনাফা তৈরি হচ্ছে গুগলেরও।


জনপ্রিয়তার নিরিখে এমন বিপুল বাজার থাকলেও ক্রমেই মনাটাইজেশনের নতুন ও কঠিন নিয়ম হাজির করছে ইউটিউব – যা কনটেন্ট ক্রিয়েটরদের বড় সমস্যার মুখে ফেলেছে। ধাক্কা খেতে চলেছে রুটিরুজির পথ। এমন পরিস্থিতিতেই হাজির হয়েছে বিলিবিলির খবর। অনেকেই চাইছেন ইউটিউব-এর প্রতিদ্বন্দ্বী বা ভাল রোজগারের বিকল্প হয়ে উঠুক বিলিবিলি। তবে ভারতে কবে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে, তার নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও এই প্ল্যাটফর্ম নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়ে গেছে নেট দুনিয়ায়।




[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code