একনজরে

10/recent/ticker-posts

Commonwealth of Nations কমনওয়েলথ আসলে কী? যুক্ত কোন কোন দেশ? কমনওয়েলথ গেমসের শুরু হয় কবে?

 


খোশখবর ডেস্কঃ কমনওয়েলথ গেমস এলেই শুরু হয়ে যায় ‘কমনওয়েলথ’ ব্যাপারটা যে কী তা নিয়ে চর্চা। আসলে কমনওয়েলথ হল ‘কমনওয়েলথ অব নেশনস’, যা ব্রিটিশ কমনওয়েলথ নামে পরিচিত। এটি হল পৃথিবীর ৫৬টি স্বাধীন রাষ্ট্রের একটি আন্তর্জাতিক সংগঠন যাদের অধিকাংশই একসময় ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ অঞ্চল ছিল। এর সদস্যদের মধ্যে উন্নত অর্থনীতির দেশ যেমন রয়েছে, তেমনি উন্নয়নশীল দেশও রয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে পরস্পরের প্রতি কোনো বাধ্যতামূলক আইনগত দায়বদ্ধতা না থাকলেও অর্থনীতি, বিচারব্যবস্থা, প্রতিরক্ষা এবং বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে তারা পারস্পরিক সহযোগিতা করে।



কমনওয়েলথের ইতিহাসের শিকড় ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হলেও বর্তমানে এটি আধুনিক ও উন্মুক্ত আন্তর্জাতিক সংগঠন। নির্ধারিত শর্ত পূরণ করে এখন বিশ্বের যেকোনো দেশ কমনওয়েলথের সদস্য হতে পারে। ২০২২ সালে গ্যাবন ও টোগো সর্বশেষ এই সংগঠনের সদস্যপদ লাভ করেছে।


কমনওয়েলথ তৈরির ইতিহাস

উইকিপিডিয়ার তথ্য অনুসারে কমনওয়েলথের সূচনা ২০শ শতকের প্রথমার্ধে। সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যের বিভিন্ন উপনিবেশ ধীরে ধীরে স্বশাসনের অধিকার অর্জন করতে শুরু করে। ১৯২৬ সালের ইম্পেরিয়াল সম্মেলনে গৃহীত ব্যালফোর ঘোষণা (Balfour Declaration)-এর মাধ্যমে ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস তৈরির ভিত্তি স্থাপিত হয়। পরে ১৯৩১ সালের স্ট্যাটিউট অব ওয়েস্টমিনস্টার (Statute of Westminster) আইনের মাধ্যমে যুক্তরাজ্য এই ব্যবস্থাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। ১৯৪৯ সালের লন্ডন ঘোষণা (London Declaration) অনুসারে ভারত প্রজাতন্ত্রে পরিণত হওয়ার পরও কমনওয়েলথের সদস্য হিসেবে থাকে।পরে বহু প্রজাতান্ত্রিক দেশ একই পথ অনুসরণ করে।


কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশের মধ্যে ৩৩টি ছোট রাষ্ট্র, যার মধ্যে অনেকগুলোই দ্বীপরাষ্ট্র। সদস্য দেশগুলোর সরকার উন্নয়ন, গণতন্ত্র, শান্তি, মানবাধিকার এবং আইনের শাসনের মতো অভিন্ন লক্ষ্য নীতি ও আদর্শ কমনওয়েলথ চার্টার -এ উল্লেখ করা হয়েছে।


কমনওয়েলথ - গুরুত্বপূর্ণ তথ্য

আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫৬টি স্বাধীন দেশ কমনওয়েলথের সদস্য।

বিশ্বের ৪২টি ছোট রাষ্ট্রের মধ্যে ৩৩টিই কমনওয়েলথভুক্ত, যাদের প্রতিটির জনসংখ্যা ১৫ লক্ষ বা তার কম।

কমনওয়েলথভুক্ত দেশগুলোতে মোট ২৭০ কোটি মানুষের বসবাস, যার মধ্যে ৬০ শতাংশেরও বেশি মানুষের বয়স ২৯ বছর বা তার কম।


কমনওয়েলথের প্রধান কে?

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বর্তমানে কমনওয়েলথের প্রধান হলেন রাজা তৃতীয় চার্লস। তবে মনে রাখা দরকার এই পদ বংশানুক্রমিক নয়; সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতেই কমনওয়েলথের প্রধান নির্বাচিত বা স্বীকৃত হন। এই মুহূর্তে রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথের ১৫টি সদস্য রাষ্ট্রে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে রাজা। এই দেশগুলোকে কমনওয়েলথ রিয়ালমস বলা হয়। অন্যদিকে ভারতের মত ৩৬টি সদস্য রাষ্ট্রে আছে প্রজাতন্ত্র। কমনওয়েলথের বাকি ৫টি সদস্য রাষ্ট্রে আছে নিজস্ব পৃথক রাজতন্ত্র।



বড় ইভেন্ট কমনওয়েলথ গেমস

কমনওয়েলথ এর সদস্য দেশগুলোর মধ্যে প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অলিম্পিক গেমসের পর এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ খেলার আসর হিসেবে বিবেচিত হয়। প্রতিযোগিতা প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে। যদিও তখন এর নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। ১৯৭৮ সাল থেকে কমনওয়েলথ গেমস নামে তা পরিচিতি পায়।

বিভিন্ন ইভেন্টে অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং, জুডো, সাইক্লিং, জিমন্যাস্টিকস, নেটবল, ভারোত্তোলন, বোলস এবং ৩×৩ বাস্কেটবলসহ নানা খেলা অনুষ্ঠিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে কিছু খেলা যুক্ত বা বাদ পড়ে। ২০২৬ সালের গ্লাসগো কমনওয়েলথের আসরে ৭৪টি দেশের ক্রীড়াবিদরা ১১টি প্রধান খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।


ভারত ও কমনওয়েলথ গেমস

ভারত কমনওয়েলথ গেমসে অন্যতম সফল দেশ। বিশেষ করে ভারোত্তোলন, শুটিং, কুস্তি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং অ্যাথলেটিক্সে ভারত ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে। ২০১০ সালে নয়াদিল্লি কমনওয়েলথ গেমসের আয়োজক ছিল ভারত। ডিডি নিউজের দেওয়া তথ্য অনুসারে ফের ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হতে চলেছে ভারত। কমনওয়েলথ স্পোর্টসের সাধারণ পরিষদের সভায় ৭৪টি কমনওয়েলথ দেশের প্রতিনিধিদের অনুমোদনের মাধ্যমে আহমেদাবাদকে ২০৩০ সালের গেমসের আয়োজক শহর হিসেবে নির্বাচিত করা হয়েছে।

কমনওয়েলথ স্পোর্টসের সভাপতি ড. ডোনাল্ড রুকারে জানিয়েছেন যে ভারত তার বিশাল পরিসর, তরুণ জনশক্তি, উচ্চাকাঙ্ক্ষা, সমৃদ্ধ সংস্কৃতি, খেলাধুলার প্রতি গভীর আগ্রহ এবং বিশ্বে তার গুরুত্বের কারণে এই আয়োজনের জন্য উপযুক্ত। কমনওয়েলথ স্পোর্টস জানিয়েছে, ২০৩০ সালের আসরে ১৫ থেকে ১৭টি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। চূড়ান্ত প্রতিযোগিতা সূচি আগামী বছর ঘোষণা করা হবে।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code