খোশখবর ডেস্কঃ ২০২৬ সালের ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত। দিল্লির ভারত মণ্ডপমে বিশ্বের প্রধান উন্নয়নশীল দেশগুলোর জোটের এই ১৮ তম সম্মেলন ঘিরে নজর গোটা বিশ্বের। অনেকেই মানছেন দ্রুত পরিবর্তনশীল এই আন্তর্জাতিক জোটের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা, পরামর্শ ও সহযোগিতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে। কিন্তু আসলে কী এই ব্রিকস? এতে আছে কোন কোন দেশ? এদের ক্ষমতাই বা কতটুকু?
কীভাবে তৈরি হল ব্রিকস?
সেই ২০০৬ সালে নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে BRIC দেশগুলির বিদেশমন্ত্রীদের প্রথম বৈঠকে ঢাকে কাঠি পড়ে এই জোটের। এরপর ২০০৯ সালে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে প্রথম BRIC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সে সময় BRIC যে চার দেশের আদ্যক্ষরে তা ছিল ব্রাজিল, রাশিয়া, ইণ্ডিয়া এবং চায়না। পরে ২০১০ সালে সাউথ আফ্রিকা যুক্ত হয়ে BRIC হয় BRICS( ব্রিকস)। তবে এর পরেও হয়েছে ব্রিকস-এর সম্প্রসারণ। মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি (UAE) ২০২৪ সালের জানুয়ারি থেকে BRICS-এর পূর্ণ সদস্য হয়। এরপর ইন্দোনেশিয়া ২০২৫ সালের জানুয়ারিতে পূর্ণ সদস্য হিসেবে যোগ দেয়।
পাশাপাশি ২০২৫ সালেই বেলারুশ, বলিভিয়া, কাজাখস্তান, কিউবা, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম BRICS-এর অংশীদার দেশ পার্টনার কান্ট্রি হিসেবে (Partner Countries) হিসেবে যুক্ত হয়।
ব্রিকস গোষ্ঠী কেন এত গুরুত্বপূর্ণ?
এই ব্রিকস গোষ্ঠী এত গুরুত্বপূর্ণ তার কারণ হিসেব বলছে BRICS-এর পরিসর বিশাল। গোটা বিশ্বের জনসংখ্যার ৪৯.৫%, বিশ্বের GDP-এর ৪০% এবং বিশ্ব বাণিজ্যের ২৬% অধিকার করে রয়েছে এই দেশগুলো।
বর্তমানে BRICS-এর সহযোগিতা মূলত তিনটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তা হল — রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিনিময়।
২০২৬ ভারতের সভাপতিত্বের মূল ভাবনা কী?
ব্রিকস –এর অতি গুরুত্বপূর্ণ সদস্য ভারত। ২০২৬ সালে ভারত চতুর্থবারের মতো BRICS-এর সভাপতিত্ব করবে। এর আগে ২০১২, ২০১৬ এবং ২০২১ সালে BRICS-এর সভাপতির দায়িত্ব পালন করেছে ভারত। ২০২৬ সালে ভারতের BRICS সভাপতিত্বের মূল ভাবনা হল— সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের জন্য নির্মাণ। আসলে এই ভাবনা মানুষের কল্যাণকে কেন্দ্র করে এবং মানবতাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার ভারতের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। এবারে ভারতের ব্রিকস সামিটের যে লোগো তা শুধু একটি প্রতীক নয়। এর মাধ্যমে ভারতের ঐতিহ্য, বৈচিত্র্য, ঐক্য, সহযোগিতা, অগ্রগতি এবং মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করা হয়েছে।
২০২৫ সাল পর্যন্ত হওয়া ব্রিকস শীর্ষ সম্মেলন
(মোট ১৭টি BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে)
১৭তম BRICS শীর্ষ সম্মেলন: ৬–৭ জুলাই ২০২৫, রিও ডি জেনেইরো, ব্রাজিল
১৬তম BRICS শীর্ষ সম্মেলন: ২২–২৪ অক্টোবর ২০২৪, কাজান, রাশিয়া
১৫তম BRICS শীর্ষ সম্মেলন: ২২–২৪ আগস্ট ২০২৩, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
১৪তম BRICS শীর্ষ সম্মেলন: ২৩–২৪ জুন ২০২২, বেজিং, চিন
১৩তম BRICS শীর্ষ সম্মেলন: ৯ সেপ্টেম্বর ২০২১, নয়াদিল্লি, ভারত
১২তম BRICS শীর্ষ সম্মেলন: ১৭ নভেম্বর ২০২০, মস্কো, রাশিয়া
১১তম BRICS শীর্ষ সম্মেলন: ১৩–১৪ নভেম্বর ২০১৯, ব্রাসিলিয়া, ব্রাজিল
১০ম BRICS শীর্ষ সম্মেলন: ২৫–২৭ জুলাই ২০১৮, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
৯ম BRICS শীর্ষ সম্মেলন: ৪–৫ সেপ্টেম্বর ২০১৭, শিয়ামেন, চিন
৮ম BRICS শীর্ষ সম্মেলন: ১৫–১৬ অক্টোবর ২০১৬, গোয়া, ভারত
৭ম BRICS শীর্ষ সম্মেলন: ৮–৯ জুলাই ২০১৫, উফা, রাশিয়া
৬ষ্ঠ BRICS শীর্ষ সম্মেলন: ১৪–১৬ জুলাই ২০১৪, ফোর্তালেজা, ব্রাজিল
৫ম BRICS শীর্ষ সম্মেলন: ২৬–২৭ মার্চ ২০১৩, ডারবান, দক্ষিণ আফ্রিকা
৪র্থ BRICS শীর্ষ সম্মেলন: ২৯ মার্চ ২০১২, নয়াদিল্লি, ভারত
৩য় BRICS শীর্ষ সম্মেলন: ১৪ এপ্রিল ২০১১, সানিয়া, চিন
২য় BRIC শীর্ষ সম্মেলন: ১৬ এপ্রিল ২০১০, ব্রাসিলিয়া, ব্রাজিল
১ম BRIC শীর্ষ সম্মেলন: ১৬ জুন ২০০৯, ইয়েকাতেরিনবার্গ, রাশিয়া
তথ্যসূত্রঃ brics2026.gov.in ও অনান্য সাইট
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]


.jpg)

0 মন্তব্যসমূহ