একনজরে

10/recent/ticker-posts

Greenery lower dementia risk আপনার বাড়ির আশপাশেই আছে গাছপালা ও সবুজ? বিপদে ফেলবে না স্মৃতিশক্তি! বলছে সুইডেনের গবেষণা

 


খোশখবর ডেস্কঃ আপনি কী সবুজের মধ্যে থাকেন? অথবা আপনার বসবাস কী ইট-কাঠ-পাথরের শহর থেকে অনেক দূরে গ্রামাঞ্চলে, যেখানে আপনাকে ঘিরে থাকে সবুজ? তাহলে আপনার জন্য আছে একটা সুখবর। সুইডেনের স্টকহোমে একটি গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের বাড়ির আশপাশে বেশি গাছপালা ও সবুজের উপস্থিতি রয়েছে, তাঁদের পরবর্তী জীবনে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার বিপদ তুলনামূলকভাবে কম হতে পারে। অর্থাৎ গাছপালা ও সবুজের সমারোহ কমাতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি।



সবুজ কমাবে ডিমেনশিয়ায় ঝুঁকি?

গবেষকদের মতে, গাছপালা মানসিক চাপ কমানো, ঘুমের উন্নতি, হাঁটাচলা এবং সামাজিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে স্বাস্থ্যের উপকার করতে পারে। পাশাপাশি, সবুজ পরিবেশ যানবাহনের শব্দ ও বায়ুদূষণের প্রভাবও কিছুটা কমাতে পারে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এতে বেশি সুফল মিলতে পারে বলে উঠে এসেছে গবেষণায়। গবেষণাটি প্রকাশিত হয়েছে আলঝেইমারস এন্ড ডিমেনশিয়া (Alzheimer’s & Dementia) পত্রিকায়। এই নিয়ে সদ্য একটি রিপোর্ট প্রকাশ করেছে আর্থ ডট কম।

গুগলে আরও খোশখবর (KHOSHKHOBOR)  

  


সবুজের সুফল, কীভাবে পরীক্ষা?

স্টকহোমে পরিচালিত নতুন গবেষণা বলছে, বাড়ির কাছাকাছি থাকা সামান্য সবুজ পরিবেশও বয়স্ক মানুষের মস্তিষ্কের স্বাস্থ্যের ভাল করতে পারে। গবেষণার প্রধান লেখকদের মধ্যে ছিলেন স্টকহোম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের সহযোগী অধ্যাপক সিসিলিয়া স্টেনফর্স এবং ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের এজিং রিসার্চ সেন্টারের জিং উ। গবেষকেরা ৬০ বছর বা তার বেশি বয়সি ২,৯৯৩ জনকে গড়ে প্রায় ১০ বছর ধরে পর্যবেক্ষণ করেন। কিছু অংশগ্রহণকারীকে ১৬ বছর পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়। 


এই সময় চিকিৎসক, নার্স ও মনোবিজ্ঞানীরা তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করেন। তাঁদের মধ্যে ৪৭৭ জনের ডিমেনশিয়া ধরা পড়ে। বিশ্লেষণে দেখা যায়, বাড়ির ১০০ মিটারের মধ্যে সবুজের পরিমাণ বেশি হলে ডিমেনশিয়ার বিপদের সম্ভাবনা প্রায় ২০ শতাংশ কম হতে পারে। মহিলাদের ক্ষেত্রে এই হার ছিল প্রায় ৩১ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে বিপদ বা ঝুঁকি কমার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।



সবুজের আরও কাছাকাছি থাকুন

এই গবেষণায় বাড়ির কতটা কাছাকাছি সবুজ ছিল, তা-ও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। বাড়ি থেকে প্রায় ১০০ মিটার, ২৫০ মিটার এবং ৫০০ মিটারের মধ্যে। অর্থাৎ, বাড়ির একেবারে কাছাকাছি পরিবেশ থেকে শুরু করে আশপাশের বিস্তৃত এলাকা পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়। দেখা গেছে বাড়ির ১০০ মিটারের মধ্যে সবুজ থাকলে বিপদ কম হওয়ার ইঙ্গিত মিলেছে। গবেষণার সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া যায় বাড়ির ১০০ মিটারের মধ্যে থাকা সবুজ পরিবেশের ক্ষেত্রে।




মস্তিষ্কের স্বাস্থ্য ও সবুজ পরিবেশ

এই গবেষণায় আশপাশের সবুজের সঙ্গে ডিমেনশিয়ার বিপদ কমা ও তার সম্ভাব্য কয়েকটি ব্যাখ্যা তুলে ধরেছেন গবেষকেরা। তাঁরা বলছেন আশাপাশে সবুজে ঘেরা পরিবেশ থাকলে তা মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে, হাঁটাচলা ও শারীরিক সক্রিয়তা বাড়াতে পারে, সামাজিক যোগাযোগের সুযোগ বাড়াতে পারে। পাশাপাশি ঘুম ও মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং যানবাহনের শব্দ ও বায়ুদূষণের প্রভাব কমাতে পারে। অর্থাৎ পরিবেশগত নানা কারণ সম্মিলিতভাবে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

তথ্যঃ আর্থ ডট কম



সবুজ পরিবেশ ও ডিমেনশিয়া – আপনার জন্য কুইজ


১. বাড়ির আশপাশে গাছপালা ও সবুজ পরিবেশ নিয়ে গবেষণাটি কোন দেশে পরিচালিত হয়?

উত্তর: সুইডেনে।

২. গবেষণায় কত জন বয়স্ক মানুষ অংশগ্রহণ করেছিলেন?

উত্তর: ২,৯৯৩ জন। তাঁদের প্রত্যেকের বয়স ছিল ৬০ বছর বা তার বেশি।

৩. বাড়ির ১০০ মিটারের মধ্যে বেশি সবুজ থাকলে ডিমেনশিয়ার ঝুঁকি কত শতাংশ কম থাকার সম্পর্ক দেখা গিয়েছে?

উত্তর: প্রায় ২০ শতাংশ।

৪. গবেষণায় কোন ক্ষেত্রে সবুজ পরিবেশের সঙ্গে ডিমেনশিয়ার ঝুঁকি কম থাকার সম্পর্ক বেশি স্পষ্ট ছিল?

উত্তর: মহিলাদের ক্ষেত্রে। তাঁদের মধ্যে ঝুঁকি প্রায় ৩১ শতাংশ কম থাকার সম্পর্ক দেখা গিয়েছে।

৫. গাছপালা কীভাবে মস্তিষ্কের স্বাস্থ্যের উপকার করতে পারে বলে গবেষকেরা মনে করছেন?

উত্তর: গাছপালা মানসিক চাপ কমাতে, ঘুমের উন্নতি করতে, হাঁটাচলা বাড়াতে এবং সামাজিক যোগাযোগের সুযোগ তৈরি করতে সাহায্য করতে পারে। তবে গাছপালা সরাসরি ডিমেনশিয়া প্রতিরোধ করে, এমন নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি।



[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code