খোশখবর ডেস্কঃ ভূবনজোড়া প্লাস্টিক আর তার দূষণের ক্ষতিকর প্রভাব এবং প্রাকৃতিক পরিবেশের ওপর এর মারাত্মক হুমকি সম্পর্কে মানুষকে সচেতন করতে ফি বছর ১২ জুলাই পালিত হয় পেপার ব্যাগ দিবস। কাগজের ব্যাগ খুব সহজেই পুনঃপ্রক্রিয়াজাত বা রিসাইকেল করা যায়। প্লাস্টিকের পরিবর্তে কাগজের ব্যাগ স্থায়ী ও পরিবেশবান্ধব বিকল্প যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্লাস্টিক ব্যাগের বাজার দখল
১৯৭০-এর দশকে কম খরচের কারণে প্লাস্টিকের ব্যাগ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং বহু দোকানে কাগজের ব্যাগের জায়গা দখল করে। বিজ্ঞানীরা জানাচ্ছেন প্লাস্টিক বর্জ্য সম্পূর্ণরূপে পচে যেতে হাজার হাজার বছর সময় লাগে। এই বিপদের কথা বুঝেই বিভিন্ন দেশের কঠোর নীতির ফলে সম্প্রতি কাগজের ব্যাগের ব্যবহার আবারও বৃদ্ধি পেয়েছে।
২০১৫ সালে ইউরোপীয় ইউনিয়ন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ জারি করে। ভারতেও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিয়ন্ত্রণ করা হয়েছে।
কাগজের ব্যাগেরও আছে ইতিহাস
উইকিপিডিয়ার দেওয়া তথ্য বলছে ১৮৫২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার স্কুলশিক্ষক ফ্রান্সিস উওলে প্রথম কাগজের ব্যাগ উৎপাদনের জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন। তিনি ও তাঁর ভাই সেই যন্ত্রের পেটেন্ট নিয়ে ইউনিয়ন পেপার ব্যাগ কোম্পানি প্রতিষ্ঠা করেন।
এরপর ১৮৫৩ সালে জেমস বাল্ডউইন সমতল তলাযুক্ত ব্যাগ তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেন। ১৮৭১ সালে মার্গারেট ই. নাইট আরও শক্তিশালী ও বেশি ওজন বহনক্ষম ব্যাগ তৈরির যন্ত্র তৈরি করেন। ১৮৮৩ সালে চার্লস স্টিলওয়েল ভাঁজযুক্ত পাশবিশিষ্ট নকশার ব্যাগের পেটেন্ট নেন। পরে ১৯১২ সালে ওয়াল্টার ডিউবেনার কাগজের ব্যাগে দড়ির হাতল যুক্ত করলে এটি আধুনিক শপিং ব্যাগ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।পরে তা ডিপার্টমেন্টাল স্টোরগুলোর আদর্শ শপিং ব্যাগে পরিণত হয়।
কাগজের ব্যাগ মানেই পলকা নয়
কাগজের ব্যাগ বিভিন্ন আকার ও নকশার হলেও অধিকাংশ ক্ষেত্রেই এক বা একাধিক স্তরের শক্তিশালী ক্রাফট পেপার দিয়ে তৈরি হয়। ক্রাফট পেপার দিয়ে তৈরি কাগজের ব্যাগ শক্ত, নমনীয় ও সহজে ছিঁড়ে যায় না। এগুলো সাধারণত ৫০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। ছিদ্রযুক্ত গঠনের কারণে গুঁড়োজাতীয় পণ্যও সহজে প্যাকেজিং করা যায়।
এছাড়া আধুনিক প্রযুক্তির মাধ্যমে কাগজের ব্যাগকে জলরোধী, আর্দ্রতা-প্রতিরোধী ও আরও দীর্ঘস্থায়ী করা সম্ভব, যা ভেতরের পণ্যকে আর্দ্রতা, আলো, অক্সিজেন ও জীবাণুর ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়। পরিবেশ সুরক্ষা, পুনর্ব্যবহারযোগ্যতা এবং টেকসই ব্যবহারের দিক থেকে কাগজের ব্যাগ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও দায়িত্বশীল প্যাকেজিং সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ