খোশখবর ডেস্কঃ বয়স হয়ে যাওয়া নিয়ে মানুষের চিন্তার শেষ নেই। কী করে আরও ইয়ং দেখাবে তা নিয়ে নিত্যনতুন বাহারি মেকআপ আর সাজগোজের বহর বাড়িয়েই চলেছে সে। তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন বাইরে বদল এনে লাভ নেই। সাম্প্রতিক এক গবেষণায় উঠে আসছে যে পাতে খাবারের ভারসাম্য বদলালেই শরীরের জৈবিক বয়স কমানো সম্ভব। সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এমনই এক সম্ভাবনার কথা। মূল গবেষণাটি প্রকাশিত হয়েছে এজিং সেল (Aging Cell) পত্রিকায়। এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সায়েন্স ফোকাস ম্যাগাজিনে।
সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে উদ্ভিদ ও প্রাণিজ খাবারের সঙ্গে পরিমিত পরিমাণে কম প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট খাওয়ার অভ্যাস শরীরের বিপাকীয় স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বলা হচ্ছে মাত্র চার সপ্তাহের খাদ্যাভ্যাসের পরিবর্তনেই মানুষের জৈবিক বয়সের পরিমাপে পরিবর্তন আসতে পারে। তবে ব্যাপারটা এমন নয় যে এমনটা করলে সরাসরি শরীরের বয়স চার বছর বা কয়েক বছর কমে যাবে। এটা বিজ্ঞানীদের জৈবিক বদলের একটা হিসেব মাত্র।
গুগলে আরও খোশখবর(KHOSHKHOBOR)
কীভাবে করা হয়েছে গবেষণা?
সিডনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ৬৫ থেকে ৭৫ বছর বয়সি মোট ১০৪ জনকে নিয়ে এই গবেষণা করেন। তাঁদের চারটি দলে ভাগ করা হয়েছিল। চার সপ্তাহ ধরে প্রত্যেক দলকে দেওয়া হয়েছিল আলাদা ধরনের খাবার। গবেষণার শুরুতে এবং চার সপ্তাহ শেষে অংশগ্রহণকারীদের জৈবিক বয়স পরিমাপ করা হয়। এর জন্য ব্যবহার করা হয়েছিল ‘ক্লেমেরা-ডুবাল মেথড’ (Klemera-Doubal Method)। এই পদ্ধতিতে ইনসুলিনের মাত্রা, কোলেস্টেরল, রক্তচাপ-সহ শরীরের বিভিন্ন জৈবিক সূচক বিবেচনা করা হয়।
গবেষণায় অংশগ্রহণকারীদের মূলত চার রকমের খাবার দেওয়া হয়। যেমন -
১। কম মাংস-সহ উদ্ভিদনির্ভর খাবার ও বেশি ফ্যাট
২। কম মাংস-সহ উদ্ভিদনির্ভর খাবার ও বেশি কার্বোহাইড্রেট
৩। প্রাণিজ ও উদ্ভিজ্জ খাবার, সঙ্গে বেশি ফ্যাট
৪। প্রাণিজ ও উদ্ভিজ্জ খাবার, সঙ্গে বেশি কার্বোহাইড্রেট
খাদ্যাভ্যাসে মেনে মিলল আশ্চর্য ফল
গবেষণায় দেখা গেল যে দলটি শুরু থেকেই যে ধরনের খাবার খেত, তার কাছাকাছি উচ্চ-ফ্যাটযুক্ত প্রাণিজ ও উদ্ভিজ্জ খাবার খেতে থাকল সেই দলে জৈবিক বয়সের পরিমাপে সবচেয়ে কম পরিবর্তন দেখা গেল। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল গবেষণায় ব্যবহৃত কার্বোহাইড্রেট ছিল কম প্রক্রিয়াজাত বা মিনিম্যালি প্রসেসড। অর্থাৎ, এই ফলাফলকে সাদা পাউরুটি, চিপস বা অন্যান্য অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়ার পক্ষে যুক্তি হিসেবে ব্যবহার করা যাবে না।
সব কার্বোহাইড্রেট শরীরে একইভাবে কাজ করে না। গবেষকদের মতে, জটিল কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাদ্যাভ্যাস আয়ু বৃদ্ধি এবং বিপাকীয় স্বাস্থ্যের উন্নতির সঙ্গে সম্পর্কিত—এমন প্রমাণ আগের গবেষণাতেও পাওয়া গিয়েছে। পাশাপাশি গোটা শস্য, ডাল, শাকসবজি ও অন্যান্য আঁশসমৃদ্ধ খাবার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি জোগানোর পাশাপাশি বিপাকীয় স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করতে পারে। এই গবেষণার প্রধান ডা. ক্যাটলিন অ্যান্ড্রুজ জানিয়েছেন, খাদ্যাভ্যাস অল্প সময়ের মধ্যেও শরীরের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় যথেষ্ট প্রভাব ফেলতে পারে, এমনকী বেশি বয়সেও।
খাবার নিয়ে ভাবুন আজ থেকেই
সোজা কথায় এই গবেষণার মূল শিক্ষা হল, সুস্থ থাকার জন্য শুধু কতটা খাচ্ছেন, তা নয়—কী খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। আপনার পাতে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ও পরিশোধিত কার্বোহাইড্রেটের পরিমাণ কমানোর চেষ্টা করুন। প্রয়োজন অনুযায়ী প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও কার্বোহাইড্রেটের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। বয়স, শারীরিক অবস্থা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন।
তথ্যঃ সায়েন্স ফোকাস ম্যাগাজিন
চার সপ্তাহেই কমতে পারে জৈবিক বয়স! আপনার জন্য কুইজ
প্রশ্ন ১। জৈবিক বয়স ও খাদ্যাভ্যাস নিয়ে সাম্প্রতিক গবেষণাটি কোন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা করেছেন?
ক) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
খ) সিডনি বিশ্ববিদ্যালয়
গ) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ঘ) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: খ) সিডনি বিশ্ববিদ্যালয়
প্রশ্ন ২। গবেষণায় কত বছর বয়সি কত জন মানুষের উপর পরীক্ষা চালানো হয়েছিল?
ক) ৪৫–৫৫ বছর বয়সি ১০০ জন
খ) ৫৫–৬৫ বছর বয়সি ৮০ জন
গ) ৬৫–৭৫ বছর বয়সি ১০৪ জন
ঘ) ৭৫–৮৫ বছর বয়সি ১২০ জন
সঠিক উত্তর: গ) ৬৫–৭৫ বছর বয়সি ১০৪ জন
প্রশ্ন ৩। গবেষণায় অংশগ্রহণকারীদের জৈবিক বয়স পরিমাপ করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল?
ক) ক্লেমেরা-ডুবাল মেথড
খ) ডারউইন মেথড
গ) নিউটন মেথড
ঘ) আইনস্টাইন মেথড
সঠিক উত্তর: ক) ক্লেমেরা-ডুবাল মেথড
প্রশ্ন ৪। গবেষণায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছিল কোন ধরনের খাদ্যাভ্যাসে?
ক) বেশি ফ্যাট ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার
খ) শুধু ফলমূল খাওয়ার অভ্যাস
গ) বেশি কার্বোহাইড্রেট ও তুলনামূলক কম ফ্যাটযুক্ত প্রাণিজ ও উদ্ভিজ্জ খাবার
ঘ) সম্পূর্ণ কার্বোহাইড্রেট বাদ দেওয়া
সঠিক উত্তর: গ) বেশি কার্বোহাইড্রেট ও তুলনামূলক কম ফ্যাটযুক্ত প্রাণিজ ও উদ্ভিজ্জ খাবার
প্রশ্ন ৫। গবেষণায় ব্যবহৃত কার্বোহাইড্রেট সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক?
ক) সব ধরনের কার্বোহাইড্রেট সমান উপকারী
খ) সাদা পাউরুটি ও চিপস বেশি খেলে জৈবিক বয়স কমে
গ) কার্বোহাইড্রেট একেবারেই খাওয়া উচিত নয়
ঘ) কম প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট বেছে নেওয়া গুরুত্বপূর্ণ
সঠিক উত্তর: ঘ) কম প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট বেছে নেওয়া গুরুত্বপূর্ণ
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]


0 মন্তব্যসমূহ