একনজরে

10/recent/ticker-posts

Space elevator লিফটে করে সোজা চাঁদে? কল্পবিজ্ঞান নয়, এবার বাস্তবেই হতে চলেছে ‘স্পেস লিফট’ ?

 


খোশখবর ডেস্কঃ ভাবুন তো, লিফটে চেপে আপনি সোজা চলে গেলেন চাঁদে। শুনতে মারকাটারি কল্পবিজ্ঞানের কাহিনি বলে মনে হলেও, আগামীদিনে কিন্তু বিজ্ঞানীরা সত্যিই এমন এক ‘স্পেস লিফট’ বা মহাকাশ লিফট তৈরির সম্ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন। দি ব্রাইটার সাইড ডট নিউজ এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।


কিন্তু প্রশ্ন হল রকেট থাকতে মহাকাশে বা চাঁদের দেশে যেতে লিফটের দরকার কেন? তাহলে ব্যাপারটা একটু খুলেই বলা যাক। এই উদ্যোগ বা চর্চায় সামনে এসেছে দুটি নতুন সম্ভাবনা। একদিকে অত্যন্ত শক্তিশালী গ্রাফিনের তৈরি ‘স্পেস লিফট’, অন্যদিকে চাঁদ থেকে পৃথিবীর দিকে ঝুলিয়ে দেওয়া বিশাল এক কেবল—যার নাম ‘স্পেসলাইন’।

গুগলে আরও খোশখবর( KHOSHKHOBOR)   


বিজ্ঞানীরা জানাচ্ছেন এখনও মহাকাশে যেতে রকেটের প্রয়োজন হয় বিপুল পরিমাণ জ্বালানি। কারণ রকেটকে শুধু মহাকাশযান নয়, নিজের জ্বালানিকেও সঙ্গে নিয়ে যেতে হয়। তাই বহুদিন ধরেই বিজ্ঞানীদের স্বপ্ন—যদি পৃথিবী থেকে মহাকাশ পর্যন্ত একটি বিশাল কেবল তৈরি করা যায়, তাহলে সেই কেবল ধরে বিশেষ যান বা ক্লাইম্বার মানুষ ও মালপত্রকে মহাকাশে পৌঁছে দিতে পারবে।

আরও পড়ুন 





প্রচলিত স্পেস লিফটের জন্য প্রয়োজন প্রায় ১ লক্ষ কিলোমিটার দীর্ঘ অত্যন্ত শক্তিশালী একটি কেবল। সমস্যা হলো— এত দীর্ঘ কেবলকে ভয়ঙ্কর টান সহ্য করতে হবে। গবেষকরা জানাচ্ছেন এই কাজের জন্য অন্যতম সম্ভাব্য সঠিক উপাদান হলো গ্রাফিনের তৈরি কেবল। ওজনে অত্যন্ত হালকা হলেও গ্রাফিনের শক্তি অসাধারণ। গ্রাফিন উৎপাদনে উন্নতি এখনও এমন ত্রুটিহীন ও শক্তিশালী এত দীর্ঘ কেবল তৈরি করা কঠিন।


তবে এখানেই এসেছে আরও চমকপ্রদ একটি বিকল্প —‘স্পেসলাইন’। এই ব্যবস্থায় কেবলটি পৃথিবী থেকে মহাকাশে যাবে না। বরং চাঁদ থেকে পৃথিবীর দিকে ঝুলে থাকবে একটি বিশাল কেবল! স্পেস লিফট পৃথিবীর সঙ্গে প্রতিদিন একবার ঘুরলেও চাঁদকে ভিত্তি করে তৈরি স্পেসলাইন প্রায় এক মাস ধরে কক্ষপথ অনুসরণ করবে। পৃথিবীর দিকে কেবলের নিজস্ব ওজন সেটিকে টানটান রাখবে, আর চাঁদের সঙ্গে যুক্ত অংশ বিপরীত দিকের প্রান্তকে ধরে রাখবে।


প্রশ্ন একটাই অদূর ভবিষ্যতেই কি আমরা লিফটে চেপে পৌঁছে যাব মহাকাশে? সময়ই দেবে তার উত্তর। তবে একথা ঠিক ‘স্পেসলাইন’ আর ‘স্পেস লিফট’-এর উদ্যোগ খুলে দিতে পারে অত্যাধুনিক মহাকাশ যাত্রার সম্ভাবনার নতুন দরজা।

তথ্যঃ দি ব্রাইটার সাইড ডট নিউজ 



খোশখবর কুইজ: মহাকাশে যাবে লিফটে!

১. ‘স্পেস লিফট’ বা মহাকাশ লিফটের মূল উদ্দেশ্য কী?
ক) পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণ করা
খ) কেবল ব্যবহার করে মানুষ ও মালপত্র মহাকাশে পৌঁছে দেওয়া
গ) চাঁদের আলো পৃথিবীতে আনা
ঘ) রকেটের গতি বাড়ানো


উত্তর: খ) কেবল ব্যবহার করে মানুষ ও মালপত্র মহাকাশে পৌঁছে দেওয়া

২. প্রচলিত স্পেস লিফটের কেবল তৈরির জন্য কোন উপাদানকে সম্ভাব্য উপযোগী মনে করা হচ্ছে?
ক) তামা
খ) অ্যালুমিনিয়াম
গ) গ্রাফিন
ঘ) লোহা


উত্তর: গ) গ্রাফিন

৩. প্রচলিত স্পেস লিফটের কেবলটি আনুমানিক কত দীর্ঘ হতে হবে?
ক) ১ হাজার কিলোমিটার
খ) ১০ হাজার কিলোমিটার
গ) ৫০ হাজার কিলোমিটার
ঘ) ১ লক্ষ কিলোমিটার


উত্তর: ঘ) ১ লক্ষ কিলোমিটার

৪. ‘স্পেসলাইন’ ব্যবস্থায় বিশাল কেবলটি কোথা থেকে ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে?
ক) মঙ্গল থেকে
খ) পৃথিবী থেকে
গ) চাঁদ থেকে
ঘ) সূর্য থেকে


উত্তর: গ) চাঁদ থেকে

৫. স্পেস লিফটের তুলনায় চাঁদকে ভিত্তি করে তৈরি ‘স্পেসলাইন’ প্রায় কত সময় ধরে কক্ষপথ অনুসরণ করবে?
ক) এক দিন
খ) এক সপ্তাহ
গ) প্রায় এক মাস
ঘ) এক বছর


উত্তর: গ) প্রায় এক মাস



[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code