একনজরে

10/recent/ticker-posts

Radio signals from exoplanet এলিয়েন নাকি? এই প্রথম এক্সোপ্ল্যানেট থেকে সরাসরি রেডিও সংকেত শনাক্ত বিজ্ঞানীদের, জোর চর্চা

 


খোশখবর ডেস্কঃ সেই কবে থেকেই মহাবিশ্বের দিকে তাকিয়ে বসে আছে মানুষ। কবে সিগনাল পাঠাবে ভিনগ্রহীরা। এজন্য পৃথিবী জুড়ে বসানো রয়েছে অপটিক্যাল ও রেডিও টেলিস্কোপ। এবার প্রথমবারের মতো সৌরজগতের বাইরের একটি গ্রহ থেকে সরাসরি আসা রেডিও সংকেত শনাক্ত করে ফেললেন বিজ্ঞানীরা। 
এই তথ্য প্রকাশ করেছে অনলাইন বিজ্ঞান পত্রিকা লাইভসায়েন্স ডট কম। মহাকাশ গবেষণায় একে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।



কারা কোথা থেকে পেল এমন সংকেত?

দক্ষিণ আফ্রিকার কার্নারভন এলাকায় বসানো আছে মির ক্যাট(MeerKAT) রেডিও টেলিস্কোপ অ্যারে। এটি হল বিশ্বের অন্যতম শক্তিশালী এবং সংবেদনশীল একটি রেডিও দূরবীক্ষণ যন্ত্র যা মহাবিশ্বের বিবর্তন, গ্যালাক্সি বা ছায়াপথ গঠন এবং দূরের মহাজাগতিক বস্তুর রহস্য উন্মোচনে বিজ্ঞানীদের সাহায্য করছে। তাঁদের লক্ষ্য ছিল বিটা পিকটোরিস বি (Beta Pictoris b) নামে একটি বিশাল গ্যাসীয় গ্রহ। এটি পৃথিবী থেকে প্রায় ৬৪ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এর ভর বৃহস্পতির প্রায় ১০ গুণ।



এই প্রথম এমন সংকেত?

হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের স্নাতক গবেষক কেভিন অর্টিজ সেবায়োসের নেতৃত্বে একদল বিজ্ঞানী এই অনুসন্ধানের কাজে আছেন। বিজ্ঞানীরা গ্রহটি থেকে দ্রুত এবং বারবার আসা রেডিও সংকেতের বিস্ফোরণ ধরতে পারছিলেন। প্রথমে তাঁরা নিশ্চিত হতে পারেন নি যে সংকেতটি গ্রহ Beta Pictoris b থেকে আসছে, নাকি তার নক্ষত্র Beta Pictoris থেকে। পরে গবেষকরা গ্রহ ও নক্ষত্রের রেডিও-চিত্রের অবস্থান দেখে নিশ্চিত হন যে রেডিও সংকেতগুলো আসলে গ্যাসীয় গ্রহ Beta Pictoris b থেকেই আসছে।

গুগলে আরও খোশখবর(KHOSHKHOBOR)  



এলিয়েনরা পাঠাচ্ছে রেডিও সংকেত?

ভিনগ্রহ থেকে রেডিও সংকেত জল্পনার জন্ম দিলেও এটি কোনও উন্নত সভ্যতার বার্তা নয় বলে জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা জানাচ্ছেন প্রাকৃতিকভাবেও গ্রহ থেকে রেডিও তরঙ্গ তৈরি হতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এক্সোপ্ল্যানেট থেকে প্রাকৃতিকভাবে রেডিও নির্গমনের দুটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। প্রথমটি হলো ম্যাগনেটিক রিকানেকশন। দ্বিতীয় কারণ হলো অরোরা। যেমন পৃথিবীর মেরু অঞ্চলে অরোরা বা মেরুজ্যোতি দেখা যায়।



কী লাভ হল বিজ্ঞানীদের? 

এই আবিষ্কার এলিয়েনের সংকেতের প্রমাণ নয়। অনেকে মনে করছেন এতে কী লাভ বিজ্ঞানের? বিজ্ঞানীরা জানাচ্ছেন এই তথ্য দেখিয়ে দিল, দূরের কোনও গ্রহের চৌম্বকক্ষেত্র ও বায়ুমণ্ডল সম্পর্কে জানার জন্য রেডিও তরঙ্গ কতটা কার্যকর হাতিয়ার হতে পারে। বিশেষ করে ছোট এক্সোপ্ল্যানেটগুলোর চৌম্বকক্ষেত্র শনাক্ত করা গেলে তাদের বায়ুমণ্ডল কতটা সুরক্ষিত এবং সেখানে প্রাণের উপযোগী পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা কতটা—তা বোঝার ক্ষেত্রে নতুন দরজা খুলে যেতে পারে।
তথ্যঃ লাইভসায়েন্স ডট কম



৫টি কুইজ প্রশ্ন ও উত্তর

১. প্রশ্ন: প্রথমবার সৌরজগতের বাইরের কোন গ্রহ থেকে সরাসরি রেডিও সংকেত শনাক্ত করা হয়েছে?

উত্তর: Beta Pictoris b বা বিটা পিকটোরিস বি গ্রহ থেকে।

২. প্রশ্ন: কোন রেডিও টেলিস্কোপ দিয়ে এই সংকেত শনাক্ত করা হয়েছে?

উত্তর: দক্ষিণ আফ্রিকার কার্নারভনে অবস্থিত MeerKAT রেডিও টেলিস্কোপ অ্যারে দিয়ে।

৩. প্রশ্ন: Beta Pictoris b পৃথিবী থেকে কত দূরে এবং এর ভর কত?

উত্তর: গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৬৪ আলোকবর্ষ দূরে এবং এর ভর বৃহস্পতির প্রায় ১০ গুণ।

৪. প্রশ্ন: Beta Pictoris b থেকে আসা রেডিও সংকেত কি এলিয়েনদের পাঠানো?

উত্তর: না। বিজ্ঞানীদের মতে, এটি কোনও ভিনগ্রহের সভ্যতার বার্তা নয়। প্রাকৃতিকভাবে তৈরি ম্যাগনেটিক রিকানেকশন বা অরোরা থেকে এই রেডিও তরঙ্গ সৃষ্টি হতে পারে।

৫. প্রশ্ন: এই আবিষ্কার বিজ্ঞানীদের কীভাবে সাহায্য করবে?

উত্তর: দূরের গ্রহের চৌম্বকক্ষেত্র ও বায়ুমণ্ডল সম্পর্কে জানতে সাহায্য করবে এবং ভবিষ্যতে ছোট এক্সোপ্ল্যানেটে প্রাণের উপযোগী পরিবেশ থাকার সম্ভাবনা বোঝার পথ খুলে দিতে পারে।



[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code